
চাঁদপুর : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে গৃহীত ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হচ্ছে।
জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলার সমাপনী দিনে আয়োজিত করা হবে “বিখ্যাত গম্ভীরা সংগীত”।
শনিবার (১৩ ডিসেস্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) জেলা প্রশাসন চাঁদপুর এর আইডির এ সংক্রান্ত পোস্টে এসব তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, ১৬-১৮ ডিসেম্বর ৩ দিনব্যাপী মেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গান, দেশীয় লোকগীতি, লালন সংগীত, ব্যান্ড সংগীত, মূকাভিনয়, নাটিকাসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।
এছাড়াও মেলার সমাপনী দিনে চাঁপাইনবাবগঞ্জে থেকে আগত একটি টিম বিখ্যাত গম্ভীরা সংগীত পরিবেশন করা হবে বলেও পোস্ট থেকে জানা যায়।
এতে মহান বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর বিকাল ৪টায় বিজয় মেলার উদ্বোধন করা থেকে সমাপনী দিন পর্যন্ত সকলকে মেলার আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতেও আহবান জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্টের কমেন্টে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বিজয় মেলার আয়োজনকে স্বাগত জানানোর পাশাপাশি পোস্টের কমেন্টে অনেকেই দিচ্ছেন বিভিন্ন পরামর্শ।
ফম/এস.পলাশ/এমএমএ/


