
চাঁদপুর: মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের লেকের পাড় অঙ্গীকার পাদদেশে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মোঃ শাহাজান খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও এ দেশের জনগণ আজও স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারেনি। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। স্বাধীনতার নাম ব্যবহার করে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে গুম, খুন, মামলা ও দমন-পীড়ন চালানো হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ দেশমাতৃকার টানে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী স্বাধীনতার ইতিহাসকে গোপন রেখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে এবং পরিবারকেন্দ্রিক ইতিহাস তৈরি করেছে। যারা জীবনবাজি রেখে স্বাধীনতার মানচিত্র অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধা ও সূর্যসন্তানদেরও যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।
অ্যাডভোকেট শাহাজান মিয়া বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অর্জন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের প্রকৃত ইতিহাস এখন মানুষ বুঝতে শুরু করেছে। আর দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, সকল শ্রেণি-পেশা ও মতের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠনের মাধ্যমে দেশকে সঠিক পথে পরিচালিত করবে।
শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সবুজ খান, শহর ছাত্রশিবিরের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ মামুন, আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে সমাপ্ত হয়।
ফম/এমএমএ/


