বাতিলের বিরুদ্ধে আপিল করব, ন্যায় বিচার পাব ইনশাআল্লাহ

চাঁদপুর: জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ১৫ সেপ্টেম্বর।

রোববার (১৮ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিন। এই দিন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইউসুফ গাজীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইউসুফ গাজী গনমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি। কিন্ত আজ রিটার্নিং অফিসার কর্তৃক আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে আমি আপিল করব এবং আশা করি ন্যায় বিচার পাব-ইনশাআল্লাহ।

এদিকে আজ মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় চাঁদপুরের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রসাশকের কার্যালয়ের সম্মেলন কক্ষে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রসাশক কামরুল হাসান সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। চেয়ারম্যান পদে যাচাই বাছাই করে ফৌজদারী মামলা থাকায় আলহাজ্ব ইউসুফ গাজীর মনোনয়ন পত্র বাতিল করেন।

প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর মিল না থাকায় সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ উপজেলা) ৪ নং ওয়ার্ডের প্রার্থী বাদল ফরাজির মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রসাশক কামরুল হাসান। এছাড়া মামলা ও ভুল থাকায় আরো ৬ জন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত সদস্য পদে প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।

যার ফলে এখন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থী রয়েছেন চেয়ারম্যান ৫জন, সাধারণ সদস্য ৩২জন ও সংরক্ষিত সদস্য ১২জন।

এর আগে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান পদে ৬জন, সাধারণ সদস্য পদে ৩৯জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩জন।

নির্বাচনের তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ। ১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম