চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদে জাপান-বাংলাদেশী যৌথ সংস্থা জাইকার উদ্যোগে চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে আসা রোগী ও জাপানী স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, ইউনিয় জামায়াতের আমির মাওলানা বেলায়েত হোসেন খান, বাগাদী ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেনসহ অন্যান্য জামায়াত নেতাকর্মী।
বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় বাসিন্দা ও বেকবোন লিমিটেডের নির্বাহী পরিচালক আরিফ খান।

তিনি বলেন, জাইকা বাংলাদেশে শিক্ষাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করে আসছে। সম্প্রতি সময়ে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ শুরু করেছে। আজকে আমরা ৭০জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছি। এখানে নতুনত্ব হচ্ছে একজন রোগীর আধুনিক ইসিজি মেশিন দিয়ে পরীক্ষা এবং তাৎক্ষনিক কম্পিউটারাইজড রিপোর্ট দেয়া হয়। এই কাজটি করছেন জিনিরাউস সংস্থার দুজন জাপানী টেকনিশিয়ান। এছাড়াও স্বেচ্ছায় চিকিৎসা সেবা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি চিকিৎসক ডা. শাবিনাজ রহিম।
ফম/এমএমএ/

