ফরিদপুরে পাঁচ ইটভাটার মালিককে জরিমানা

ফরিদপুর: ২৭ ডিসেম্বর মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক এর নেতৃত্বে ফরিদপুর জেলার নগরকান্দা ও বোয়ালমারী উপজেলায় বিদ্যমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মোট ৫ (পাঁচ) টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় হয় এবং এর মধ্যে ২ (দুই) টি ইটভাটা আংশিক ভাঙ্গা হয়।

মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জাহিদ হাসান। মোবাইল কোর্ট অভিযানে আরো উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম