ফরিদগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামে সিটি গ্রুপের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামী রফিকুল ইসলাম রবিনকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সোমবার (১৭ নভেম্বর) রাতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পাটোয়ারী ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, দস্যুতা, হত্যাকাণ্ডসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে জানা গত মঙ্গলবার ( ১১ নভেম্বর) রাতে  ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকায় সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন (৩৫) এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় হত্যাকাণ্ডের শিকার রুহুল আমিনের বাবা অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ হত্যাকাণ্ডের ঘটনায় রফিকুল ইসলাম রবিনের সংশ্লিষ্টতার নিশ্চিত হয়েছে।

পরবর্তিতে থানা পুলিশ ও র‌্যাব-১১’র বিভিন্ন থানা ও জেলা এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুল ইসলাম রবিনকে গ্রেপ্তাররের চেষ্টা চালায়। পরবর্তিতে র‌্যাব -১১ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা হতে মো. রফিকুল ইসলাম রবিন রবিনকে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানায়, রুহুল প্রতিদিনের মতো সেদিনও পণ্য বিক্রি শেষে রাতে মোটরসাইকেলে করে ডিলারের কাছে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে রবিন ও তার সহযোগীরা তাকে থামিয়ে নগদ টাকা ছিনতাই করেন। রুহুল মোটরসাইকেলে তাদের পিছু নিলে রুস্তমপুরের সমিতি পোলের কাছে তিনি সাহায্যের জন্য ডাকতে শুরু করেন। সেই সময় রবিন তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনারপর বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে রফিকুল ইসলাম রবিনের জড়িত থাকার সংশ্লিষ্ট থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত একটিমোটর সাইকেল জব্দ করা হলেও আসামী আত্মগোপণে থাকার কারনে তাকে তাৎক্ষনিক গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, রফিকুল ইসলাম রবিনকে র‌্যাব এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি। হস্তান্তর করা হয়ে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ছেলে হত্যাকাণ্ডের প্রধান আসামি রফিকুল ইসলাম রবিনকে গ্রেপ্তারের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অপর আসামীদের গ্রেপ্তার করাসহ সকল আসামীদের ফাঁসির দাবী জানিয়েছেন নিহত রুহুল আমিন বাবা,চাচা, স্ত্রী ও স্বজনরা।

ফম/মাসুদ

ফোকাস মোহনা.কম