ফরিদগঞ্জ (চাঁদপুর): নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি নিজ উদ্যোগে তার নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা শুরু করেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার-পোস্টার নিজেই অপসারণ করা শুরু করেন দাঁড়ি পাল্লার এই প্রার্থী।
জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।এসময় নির্বাচন কমিশনার ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার সকালে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন যায়গায় তার নির্বাচনি ব্যানার-পোস্টার নিজের হাতে খুলে অপসারণ শুরু করেন।
এ বিষয়ে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি বলেন, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনি প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলছি। নির্বাচনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন জামায়াতের এই প্রার্থী।
এসময় ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


