ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ

চাঁদপুর: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ফের কাফনের কাপড় বেঁধে সড়কে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে সরিয়ে দলের ত্যাগী কাউকে প্রার্থী করার দাবিতে মিছিলটি শুরু হয়। পরে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যাণ্ড এলাকায় শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দলের মনোনয়ন পাওয়া লায়ন হারুনুর রশিদের কোনো হদিস ছিল না বিগত ১৭ বছর। তিনি দলের দুর্দিনে নেতাকর্মীদের একা ফেলে ঢাকায় এসি রুমে ছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান দল এবং নেতাকর্মীদের আগলে রেখেছেন। এমন নিবেদিত নেতাকে বঞ্চিত করে সুবিদাবাদী একজনকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীরা হতাশ হয়েছেন।

সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঞ্জিল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, মাসুদ হোসেন, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় নেতা-কর্মী কাফনের কাপড় মাথায় বেঁধে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানকে দেয়ার দাবিতে নানা স্লোগান দেন।

গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদদে মনোনয়ন দেয়ারপর থেকেই উক্ত মনোনয়ন পরিবর্তন করে চুরান্ত পর্যায়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ, মশাল মিছিল, কালোপতাকা মিছিল, কাফনের কাপড় পরে সড়ক অবরোধসহ নানান কর্মসূচি পালন করে আসছে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম