
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় উপজেলায় কয়েকটি স্থানে বাড়ি ঘরে হামলা ভাংচুর, স্থানীয় বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ৫জন আহত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ও বৃহষ্পতিবার রাতে চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামে এই ঘটনা ঘটায়।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে যুবদল নেতা আক্তার হোসেনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা।
আক্তার হোসেন জানান, শুক্রবার সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আলমগীরের নেতৃত্বে একদল লোক তার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীদের আঘাতে আক্তার হোসেন (৪০) তার মেয়ে জান্নাত(৯), আনোয়ার হোসেন, তারেক, আকবরসহ অন্তত ৫জন আহত হয়। এছাড়া আক্তার হোসেনের বাবা মাকেও মারধর করে হামলাকারীরা। আহতরা ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
অপরদিকে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামে বিএনপি নেতা রুহুল আমিনের ঘরে বৃহষ্পতিবার রাতে হামলা ও ভাংচুর করে। রুহুল আমিন জানান, রাত প্রায় সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক যুবদল নেতা রিয়াদ গাজী, মিশরসহ লোকজন তার বাড়িতে হামলা করে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে ঘরের জানলা ভাংচুর করে।
হামলাকারীরা বিজয়ী প্রার্থীর প্রতীকের শ্লোগান দিয়ে এই হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার সময়ে আশপাশের লোকজনকে ফোন করেন এবং ৯৯৯ কল করেন।
তিনি আরো জানান ওই রাতেই স্থানীয় বিরামপুর বাজারে ইউনিয়ন বিএনপির অফিসটিও ব্যাপক ভাংচুর করা হয়।
সংবাদ পেয়ে উভয় স্থানে থানা পুলিশ শুক্রবার সকালে গিয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ফম/এমএমএ/


