ফরিদগঞ্জে ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী বিএনপির সব কমিটি স্থগিত ঘোষণা

চাঁদপুর: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদকে দলীয় ধানের শীষ প্রার্থী ঘোষণার পর থেকে বিদ্রোহ চলছে। উপজেলা বিএনপির আহ্বায়ক দলীয় মনোনয়ন প্রত্যাশী এমএ হান্নানসহ দলের অধিকাংশ নেতাকর্মী বিদ্রোহ শুরু করেন।

এসব বিদ্রোহ দমাতে না পেরে শেষ পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। এর ফলে অনেকটা দলহীন হয়ে পড়েন ধানের শীষ প্রার্থী মো. হারুনুর রশিদ।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এ. কে. এম. সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ‘আদিষ্ট হইয়া জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, চাঁদপুর জেলাধীন, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি সহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম অদ্য হইতে স্থগিত ঘোষণা করা হইলো। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।’

এর অনুলিপি দেওয়া হয় দলীয় মহাসচিবসহ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটি এবং ধানের শীষ মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদকে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বলেন, শুনেছি আমাকে এবং আমার দলের বিভিন্ন ইউনিটের দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আমাদের বহিস্কার করা হয়নি। আমি দলীয় মনোনয়ন পাইনি এতে কোনো দু:খ নেই। কারণ ফরিদগঞ্জ উপজেলার দলীয় সব কমিটির সমর্থন আমার পক্ষে রয়েছে। এ জন্য আমি ধানের শীষ পাই আর না পাই আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি স্বতন্ত্র থেকে নির্বাচন করবো।

এই আসনে মো. হারুনুর রশিদ এবং এমএ হান্নান ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, বিএনপি সমর্থিত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্বাস উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এ. কে. এম. সলিম উল্যা সেলিম এর সত্যতা স্বীকার করেন বলেন, আমরা অনেকবার চেস্টা করেছি সবাই যেন এক হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কেন্দ্রকে বিষয়টি জানালে তারা আমাদের নির্দেশ দেন ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি সহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম