ফরিদগঞ্জে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় বাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে অধিকাংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই বাজারের জয়নালের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়।

নিহত সাব্বির হোসেন উপজেলার শালদহ ছৈয়াল বাড়ীর বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। পুড়ে যাওয়া জয়নালের মুদি দোকানের কর্মচারি ছিল সাব্বির।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-ইমাম হোসেনের ওষুধের ফার্মেসি, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও শাহ আলমের হার্ডওয়্যারের দোকান।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে একটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে মারা যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে আইনানুগ প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম