প্রসাধনীতে ভেজাল, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুর শহরের অভিজাত বিপনী বিতানে প্রসাধনীতে ভেজাল ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় তিন ব্যাবসা প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শহরের জেএম সেনগুপ্ত রোডে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বিউটি স্টোর মালিককে ১০ হাজার টাকা, ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় এ ওয়ান প্লাস প্রতিষ্ঠান মালিককে ৫ হাজার টাকা এবং একই অপরাধে ফাতেমা ফেব্রিক্স মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আগামী তিনদিনের মধ্যে অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে চাঁদপুর সদরের স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম