
চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ বিজয়ে সরকার গঠন করেছে বিএনপি সরকার। আর এই সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ প্রেস উইং পদে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী ও সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।
এই তিন মেধাবি ও কৃতি সন্তানের নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে নেটিজনরা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন: তিনি চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের সন্তান। ড. মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবেও আন্তর্জাতিক পরিচিতি রয়েছে তার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তার জীবন ও কর্ম নিয়ে ডকুমেন্টারি নির্মাণ করেছে। যা তাকে বিশ্ব দরবারে অনন্য মর্যাদায় আসীন করেছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী: জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কৃতি সন্তান সালেহ শিবলী। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ইউএনবি, দৈনিক মানবজমিন ও চ্যানেল আইতে কাজ করেছেন। গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়ে তিনি। এখন সচিব মর্যাদায় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের নেতৃত্বে থাকা তার জন্য যেমন ব্যক্তিগত সাফল্য, তেমনি ফরিদগঞ্জবাসীর জন্যও গর্বের।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির: তিনি জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের হাটপাড় গাজী বাড়ির সন্তান গাজী শাহরিয়ার পামির। তিনি দীর্ঘদিন ধরে মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে তার নিয়োগ শাহরাস্তিবাসীর জন্য নিয়ে এসেছে অনন্য আনন্দ। তার নিষ্ঠা ও পেশাদারিত্ব আজ তাকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে।
একই জেলা থেকে প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং উপদেষ্টা পরিষদে তিনজন শীর্ষস্থানীয় ব্যক্তির নিয়োগ নিঃসন্দেহে দুর্লভ। চাঁদপুরের এই তিন কৃতী সন্তান তাদের যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়ে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন-এই প্রত্যাশা সবার।
ফম/এমএমএ/চৌইই/



