চাঁদপুর: চাঁদপুর শহরের বিপনী বিতানে পোশাকের দাম কয়েকগুন লাভ করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এগার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পৌর নিউ মার্কেট, মদিনা শপিং কমপ্লেক্স, মীর শপিং কমপ্লেক্স ও পূরবী শপিং কমপ্লেক্স জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় দি ইসলামিয়ার মালিককে পাঁচ হাজার টাকা এবং পাঞ্জাবিতে অতিরিক্ত লাভ করায় প্রিয়াঙ্গন মালিককে চার হাজার টাকা এবং একটি ব্র্যান্ডের জুতার স্টিকার অন্য জুতায় লাগানোর অপরাধে ওয়েলকাম সুজ মালিককে দুই হাজার টাকাসহ মোট এগার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। আগামী একদিনের মধ্যে অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর,সদর, চাঁদপুর নীনা আক্তার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



