
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গসংগঠনসমূহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা গেইট এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে দোয়াভাঙ্গায় এসে সমবেত হন। সেখান থেকে বিজয় র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন।
তিনি বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করার একটি ঐতিহাসিক দিন। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, কীভাবে এই দেশের মানুষ অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল।
আজও সেই বৈষম্য, দুঃশাসন ও দমন-পীড়নের চিত্র সমাজের প্রতিটি স্তরে দৃশ্যমান। মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। গুম-খুন-গ্রেপ্তারের ভয় তাদের মুখ বন্ধ করে রেখেছে। কিন্তু বিএনপি জনগণের দল। এই দলের জন্ম হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম থেকে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করব।
বর্তমানে একটি চিহ্নিত মহল সুষ্ঠু নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা চায় না দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাক। তারা চায় না নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হোক। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি সফল হবে না।
আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিএনপির নেতৃত্বে ভবিষ্যতে একটি স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে—যেখানে কেউ বঞ্চিত হবে না, প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হবে।
আমরা রাজনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরিবর্তন চাই, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনতে চাই।
অনুষ্ঠানের শেষ অংশে আমি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনাদের সবার দোয়া কামনা করছি।”
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদ হোসেন মোল্লা, শাহরাস্তি পৌর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান, সেলিম পাটোয়ারী, বিএনপি নেতা সৈয়দ আহমেদ দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, বিএনপি নেতা আবু তাহের, সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ বাচ্চু, পৌর যুবদলের যুবদলের সদস্য সচিব আ. কাইউম রিপন, যুগ্ম সম্পাদক আমির হোসেন, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দল নেতা তৈয়ব আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।
ফম/ফয়েজ/এমএমএ/



