নিজেকে নির্ভুল ও সঠিকভাবে উপস্থাপন করার উপায় হচ্ছে প্রশিক্ষণ: ডিসি

চাঁদপুরে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

চাঁদপুর: চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ৫০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

তিনি বলেন, চাঁদপুরের নির্বাচনকালীন পরিবেশ খুবই সন্তোষজনক । এখন পর্যন্ত কোন প্রার্থী আমাকে ফোন দিয়ে কোন অভিযোগ জানায়নি।

প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেন, নিজেকে নির্ভুল ও সঠিকভাবে উপস্থাপন করার উপায় হচ্ছে প্রশিক্ষণ। সাংবাদিকরা নানা বিষয় পড়াশোনা করলেও প্রশিক্ষণের কারণে যেকোনো বিষয়ে খুব অল্প কথার মাধ্যমে জাতির কাছে চমৎকার বিষয় উপস্থাপন করতে পারেন।

নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচনকালীন সময়ে আপনারা অবশ্যই চাঁদপুরের জন্য নিউজ করবেন। এক্ষেত্রে কোনো বিষয় যদি আমার বিরুদ্ধেও যায় তাতেও কোন সমস্যা নেই।  সংবাদ করার আগে সংশ্লিষ্টদের সাথে কথা বলে যদি সমাধান করা যায় তাহলে সেটাই উত্তম। সাংবাদিকদের লেখার কারণে আমি দেখি এবং শিখি। নির্বাচনকালীন যেই বিধি রয়েছে তা অবশ্যই আপনারা জানেন এবং মেনে চলবেন।

তিনি বলেন, ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা এবং অংশীজন রয়েছেন সকলের কার্যক্রম এবং আচার ব্যবহার একই রকম নাও হতে পারে, এসব বিষয়গুলো বুঝেই আমাদের কাজ করতে হবে।  সাংবাদিকদের মানোন্নয়নে আরো প্রশিক্ষণ প্রয়োজন হলে অবশ্যই আমি সংশ্লিষ্টদের সুপারিশ করব।

অনুষ্ঠানের সভাপতি করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক।

প্রশিক্ষণ দেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম