নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব

চাঁদপুরে সুষ্ঠু নির্বাচন ও গঠনতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: সুষ্ঠু নির্বাচন, গঠনতান্ত্রিক উত্তরণ ও নাগরিক ভাবনা নিয়ে চাঁদপুরে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন।

তিনি বলেন, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এর মধ্যে ভোটাধিকার একটি মৌলিক ও সাংবিধানিক অধিকার। এই ভোটাধিকার কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়—তা নিয়েই আজকের এই গোলটেবিল বৈঠকের আয়োজন।

গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধ পাঠ ও সভা পরিচালনা করেন সুজন চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নাগরিক সমাজ—সবার সম্মিলিত ভূমিকা জরুরি।

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন সুজনের কো-অর্ডিনেটর নাছির উদ্দিন, অধ্যক্ষ মোশাররফ হোসেন, অধ্যক্ষ জালাল চৌধুরী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাংবাদিক মুসাদ্দেক আল আকিবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সর্বপ্রথম ভোটারদের মনে ভয় ও আতঙ্ক দূর করতে হবে। ভোটকেন্দ্রে ভোটার, পোলিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও নিরব ভূমিকার কারণে অনেক ভোটার ভোটকেন্দ্রে যেতে পারেননি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, শিক্ষিত, সৎ ও যোগ্য নাগরিকদের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে মনোনয়নের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে নির্বাচনকে উৎসবমুখর করতে ভোটের পরিবেশে স্বচ্ছতা, সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

গোলটেবিল বৈঠকে আরও মতামত উঠে আসে যে, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কার্যকর ভূমিকা জোরদার করা, প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা এবং নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সহিংসতা প্রতিরোধে সর্বস্তরের বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টা অপরিহার্য।

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ উপলক্ষে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এসময় চাঁদপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কবি, লেখক, সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম