চাঁদপুর: নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের রসুইঘর পার্টি সেন্টারে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী, বিভিন্ন সাংস্কৃতিক, নাট্য ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
নতুন কুঁড়ির সাংগঠনিক সম্পাদক মোঃ রতন বেপারী সেলিমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সভাপতি পিএম বিল্লাল, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা এবং ধন্যবাদ জানান নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আবুল কালাম সরকার।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেয়। নতুন কুঁড়ি শুধু ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক ও সামাজিক উদ্যোগেও সবসময় এগিয়ে থাকতে চায়। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংগঠনটি নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


