
চাঁদপুর: মধ্যযুগের কবি দোনা গাজীর অমূল্য কাব্য “সয়ফুলমুলক বদিউজ্জামাল”সহ বেশ কিছু দুষ্প্রাপ্য বই এখন থেকে সাহিত্য একাডেমি, চাঁদপুরে পড়তে পারবেন লেখক, পাঠক ও গবেষকরা।
এছাড়া একাডেমিতে সম্প্রতি যুক্ত হয়েছে ১৯৮৪ সালে প্রকাশিত “কুমিল্লা জেলার ইতিহাস”, ১৯২১ সালে প্রকাশিত সিএফ এন্ড্রুজের “দি অপ্রেশন অব দ্য পুওর”, ১৯২৭ সালে প্রকাশিত চাঁদপুরের কবি অবনীমোহন চক্রবর্তীর “নীলসবুজের প্রাণের দোলায়”, ২০০৫ সালে প্রকাশিত কামরুজ্জামান শিকদারের “চাঁদপুরের লোকসাহিত্য” এবং ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত “বাংলা একাডেমি লোকজ সংস্কৃতি গ্রন্থমালা: চাঁদপুর” ইত্যাদি গ্রন্থ।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় একাডেমিতে মহাপরিচালক কাদের পলাশের কাছে এসব গ্রন্থের কপি হস্তান্তর করেন পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান। এসময় সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।
সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান জানান, চাঁদপুর বিষয়ক গবেষণাধর্মী কাজকে সহজতর করতে এবং দুষ্প্রাপ্য গ্রন্থ পাঠের সুযোগ বিস্তৃত করতে এসব বই একাডেমিতে উন্মুক্ত রাখা হয়েছে।
সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ জানান, আগামীতে এমন দুষ্প্রাপ্য গ্রন্থ আরও সংগ্রহ করা হবে। আমরা চাই, চাঁদপুর বিষয়ক গবেষণা ও চর্চা আরও বৃদ্ধি হোক।
ফম/এমএমএ/

