চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিন যত ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে উঠছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচার-প্রচারণা, গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও মিছিলসহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে এবং বাজার-ঘাট ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দিনব্যাপী গণসংযোগ করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন ও চন্দ্রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন।
এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ করে দিন।
এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও ভীতিহীন। কেউ যদি ভোট কারচুপি বা ব্যালট বাক্স ছিনতাইয়ের পরিকল্পনা করে থাকে, তাহলে দেশের জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে। বিগত দিনের মতো এবার কোনো ধরনের কারচুপির সুযোগ থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন। দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দিবেন। দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোট একসঙ্গে গেলে জয়ী হবে বাংলাদেশ।
দিনব্যাপী গণসংযোগ শেষে বাদ মাগরিব চান্দ্রা বাজারে নেতাকর্মীরা একটি মিছিল করেন। মিছিলটি চান্দ্রা বাজার থেকে শুরু হয়ে চৌরাস্তা এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, জামায়াত নেতা আব্দুস শুক্কুর মাস্তান, অ্যাডভোকেট আব্দুল কাদের খান, চান্দ্রা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ইকবাল হোসেন খান, সেক্রেটারি মাওলানা মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা।
ফম/মাইনুল/এমএমএ/


