হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ভ্যাকসিন সংকট বিষয়ে তথ্য জানতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন দুই স্থানীয় সাংবাদিক।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন-দৈনিক খোলা কাগজ-এর হাজীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক শপথ পত্রিকার নিজস্ব প্রতিবেদক রিয়াজ শাওন এবং দৈনিক আদি বাংলা-এর হাজীগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত তিন মাস ধরে উপজেলায় গবাদিপশু ও হাঁস-মুরগির জন্য কোনো ধরনের ভ্যাকসিন সরবরাহ নেই। এতে করে কৃষক ও খামারিরা চরম দুর্ভোগে পড়েছেন। এই পরিস্থিতিতে সাংবাদিকরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যান।
সাংবাদিক রিয়াজ শাওন জানান, “আমাদের কাছে তথ্য ছিল, দীর্ঘদিন ধরে ভ্যাকসিন সরবরাহ বন্ধ। আমরা জানতে চেয়েছিলাম—কোন কোন ভ্যাকসিনের সংকট আছে, কতদিন ধরে, কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে এবং কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। আমরা তার কাছে এই তথ্য চাইতেই তিনি তেলেবেগুনে জ্বলে উঠলেন। তিনি তার স্টাফদের ডেকে এনে আমাদের লাঞ্ছিত করলেন। হুমকি-ধমকি দিলেন। উপজেলার খামারীদের ভ্যাকসিনের অভাবে পশু-পাখি মারা যাচ্ছে আর সেই ভ্যাকসিনের তথ্য চাওয়া কি অপরাধ?
সাংবাদিক নূর মোহাম্মদ বলেন, “ভ্যাকসিনের অভাবে প্রাণী মারা যাচ্ছে। গত সপ্তাহে এক খামারির ১৯টি হাঁস মারা যায়। এ ধরনের ক্ষতির কারণ জানতে ও প্রতিবেদন তৈরির জন্য আমরা তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। কিন্তু প্রাণিসম্পদ কর্মকর্তা আমাদের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্টাফদের ডেকে আমাদের ভিডিও ধারণ করতে বলেন। ৪-৫ জন কর্মকর্তা কর্মচারী আমাদের ভিডিও ধারণ করে। এবং আমাদের লাঞ্ছিত করে। ”
তিনি আরও জানান, সাংবাদিকরা একটি খামারির অভিযোগ তুলে ধরলে কর্মকর্তার উত্তেজনা বেড়ে যায়। তিনি বলেন, “আপনাদের নম্বর তারা কীভাবে পেল? আপনাদেরকে চেনে কীভাবে?” এরপর তিনি উচ্চস্বরে চিৎকার শুরু করেন এবং অফিস স্টাফদের দিয়ে ভিডিও ধারণ করতে বলেন। পরে কর্মকর্তার নির্দেশে অফিস কর্মীরা সাংবাদিকদের ঘিরে ধরে নানা ধরনের হুমকি-ধমকি ও অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন।
তবে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জাহেদ হোসেন বলেন, “সাংবাদিকরা তথ্য চাইতেই পারেন। যদি তথ্য দেওয়ার সুযোগ থাকে, তা অবশ্যই দেওয়া উচিত। তিনি তো একজন সিনিয়র অফিসার। রেগে গেলে তো চলবে না। তিনি বিসিএস ক্যাডার, আমি আর কী বলবো।”
এই বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চাঁদপুর ডাঃ জ্যোতির্ময় ভৌমিক বলেন এই বিষয়টি আমি কিছুটা শুনেছি। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নিবো।
এই বিষয়ে বিকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাহেদ হোসেন প্রাণী সম্পদ কর্মকর্তার পক্ষ থেকে ও হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ কাছে দুঃখ প্রকাশ করে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
ফম/এমএমএ/


