চাঁদপুর : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে চাঁদপুরে সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা র্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে সার্কিট হাউজের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আমাদের নিজেদের বাড়িঘর ও আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। বিশেষ করে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের গুরত্বসহকারে অবহিত করতে পারলে সুফল পাওয়া যাবে। এক্ষত্রে জেলা প্রশাসক দাপ্তরিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এই বার্তা পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন, তাহেল আমরা কিছুটা হলেও উপকৃত হব।
বিদেশে দেখা পদ্ধতির উদাহরণ টেনে এমপি বলেন, আমাদের শহরের যেসব পয়েন্টে ময়লা স্তুপ করা হয়, সেসব স্থানে ট্রাক্টরের পিছনের অংশের মত করে বক্সা আকারে রাখা যায়, তাহলে খুব সহজে হুক দিয়ে টেনে নির্দিষ্ট স্থানে ময়লা অপসারণ করা যাবে। তবে এটি মডেল হিসেবে পৌরসভা উদ্যোগ নিতে পারে। যদি সফল হন, তাহলে শহরজুড়ে করা যাবে। ক্লিন চাঁদপুর সহ শহরকে পরিচ্ছন্ন রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
র্যালী পূর্বে আরো বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। যে সকল স্থানে এডিস মশার প্রাদুর্ভাব বেশি সে সকল স্থান নির্ধারণ করে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ করতে না পারে সে লক্ষ্যে বাড়ির ছাদ বাগান, আঙিনা, টব এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।
জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুরের সভাপতি এডভোকেট নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে সদস্যরা ও পৌরসভার কর্মচারীরা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নেন।
ফম/এমএমএ/



