জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ

মতলব উত্তর (চাঁদপুর): আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে ধানমন্ডি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে ফরম জমা দেন।

এসময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ বলেন, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের ভিশন বাস্তবায়নে সর্বদা কাজ করে যাব। চাঁদপুর জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলতে কাজ করব।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মতলবের মুক্তিযোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। জীবন বাজি রেখে বাঙালী জাতির মুক্তির জন্য যুদ্ধ করেছি। সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আবারও দেশের জন্য কাজ করতে চাই। তাই আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দিবেন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ বহুবার নির্বাচিত হয়ে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মতলব উত্তর সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম