
মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, আওয়ামী লীগই একমাত্র মুক্তিযুদ্ধ নেতৃত্বধীন দল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব আওয়ামী লীগের কর্মীরা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মহান মুক্তিযুদ্ধ রক্ষা করছে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত বাংলাদেশ গড়তে তিনি কাজ করছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর হাইস্কুল মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মায়া চৌধুরী আরও বলেন, ১৯৪৯ সালে আমি প্রথম ওয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই। তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার নির্দেশক্রমে কাজ করে যাচ্ছি। জীবন বাজি রেখে ও রক্ত দিয়ে আওয়ামী লীগকে রক্ষা করেছি। দলের সাথে বিন্দু পরিমাণ বেঈমানী করি নাই। আর কখনো করবও না। বার বার দেশকে রক্ষা করছি, প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা থেকে রক্ষা করছি। শত সংগ্রামে আল্লাহর রহমতে এখনো টিকে আছি। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশের উন্নয়ন বাস্তবায়নে সহযোগিতা করি।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদারের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রব, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, মতলব উত্তর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


