চাঁদপুর: ক্রেতার সাথে প্রতারণা ও অসৌজন্যমূলক আচরণের দায়ে জিজিকো ই-কমার্সকে চাঁদপুর ভোক্তা অধিদপ্তর বিশ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তর এ জরিমানা আদায় করেন।
জানাগেছে, শারমিন সুলতানা রুমা নামে এক ক্রেত গত ২৫ আগস্ট ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে জিজিকো ই-কমার্স প্রতিষ্ঠানের বিরূদ্ধে লিখিত একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি ৩৬ সাইজের জুতা অর্ডার করেন। কিন্তু জিজিকো প্রতিষ্ঠান দুইবারেই ৩৭ সাইজের জুতা পাঠায়। ওই নারী প্রতিশ্রুত পণ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে জিজিকো থেকে তার পণ্য পাবার চেষ্টা অব্যাহত রাখেন। কিন্তু জিজিকো ভোক্তাকে সন্তুষ্ট করার মত তেমন কোন উদ্যোগ গ্রহণ না করে উল্টো খারাপ ব্যবহার করে। শারমিন সুলতানা রুমা অবশেষে বাধ্য হয়ে ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন।
সোমবার উভয় পক্ষের শুনানী হয়। সব তথ্য প্রমাণ উপস্থাপন ও বিশ্লেষণের পর জিজিকোর প্রতিনিধি দোষ স্বীকার করেন এবং দোষী সাব্যস্ত হন। সেজন্যে ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য প্রদান না করার দায়ে জিজিকো প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক নুর হোসেন রুবেল বিষয় টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


