চাঁদপুর : চাঁদপুরে লাইটার জাহাজের আহত ক্রুকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (৩০ জুলাই) দিনগত রাত ১০ টার দিকে ‘এমভি মাজেদা খাতুন’ নামক বরিশাল হতে ঢাকাগামী লাইটার জাহাজের উইন্ডেলসের যান্ত্রিক ত্রুটির কারণে ১ জন ক্রু গুরুতর আহত হয়।
বিষয়টি জাহাজের মাস্টার কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে রাত ১১ টায় একটি মেডিক্যাল টিম অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাইস্পিড বোট যোগে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ওই ব্যক্তিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে পুনরায় জাহাজে পৌঁছে দেয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


