জাল বুননের কাজেই জীবন কেটেছে মোহন মিয়ার

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার মোহন মিয়া। বয়স হবে প্রায় ৬০। মেঘনা উপকূলীয় বাসিন্দা হওয়ার কারণে নদী, জাল ও জেলেদের সাথে সম্পর্ক ছোট বেলা থেকে। তবে তার জীবনের অধিকাংশ সময় কেটেছে জাল বুননের কাজে।

সম্প্রতি সময়ে মোহন মিয়ার সাথে কথা হয় চরভৈরবী মাছঘাট সংলগ্ন একটি টং দোকানে। তিনি ওই দোকানের ফাঁকা স্থানে বসে আপন মনে জাল বুনছেন।

তিনি বলেন, ছোট বেলায় নদীতে মাছ ধরার কাজ করেছি। এক সময় আর নদীতে যাওয়া হয়না। কারণ আমি জাল বোনার কাজে আত্মনিয়োগ করি। এই কাজে আমার জীবনের একটি বড় সময় কেটেছে।

মোহন মিয়া বলেন, মইজাল তৈরীর কাজ করে আমার দিনকাটে। একটি জাল তৈরী করতে সময় লাগে দুইদিন। বিক্রি হয় দুই থেকে আড়াই হাজার টাকা। বাঁশ, কাঠিসহ সম্পূর্ণ জাল প্রস্তুত করেই বিক্রি করতে হয়। আর এই জাল ব্যবহার প্রচলন এই এলাকায় বেশি। কারণ এই মই জাল দিয়ে ছোট চিংড়িসহ অন্যান্য ছোট মাছ ধরা খুবই সহজ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম