
শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন। জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে দেশের জনগণ তৈরি হয়ে আছে। তাই নির্বাচনে ভোট দিতে জনগণকে সুযোগ তৈরি করে দিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।
নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ড. জালাল উদ্দিন বলেন, বিএনপির মিছিলে যারা হামলা করেছে তারা সন্ত্রাসী। বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হতে পারে না। মতলবেও কোন সন্ত্রাসীর ঠাঁই নেই। কারণ মতলবের জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। আমাদের নেতা তারেক রহমানও সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করেন না। আমরা ভালবাসা দিয়ে জনগণের পাশে থাকতে চাই।
তিনি আরো বলেন, আমি গত ২০ বছর যেই নেতাকর্মীদের সন্তানের মত আগলে রেখেছি, সেই নেতাকর্মীর উপর হামলা, আমি মেনে নিতে পারি না। চোখ উপড়ে ফেলেছে, একজনের হাত ভেঙ্গে ফেলেছে। আমরা কি পারবো সেই চোখ ফিরিয়ে দিতে? কখনোই না। তাহলে কেন মতলবে এমন সন্ত্রাসী হবে? মতলবের জনগণ সেই বিচার করবেন। আর আমরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী করে সেই সন্ত্রাসী হামলার জবাব দিব ইনশাল্লাহ। জালাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। যে-ই ধানের শীষ প্রতীক আনবে তাকেই ভোট দিবেন।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।
আরো বক্তব্য দেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিমুল উদ্দিন হিমেল প্রমূখ।
সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের নেতারাসহ বিভিন্ন ইউনিয়ন থেকেও মিছিল নিয়ে নেতাকর্মীর অংশগ্রহন করেন।


