
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, জনগণ যদি জনপ্রতিনিধিদের কারণে কোনো ধরনের দুর্ভোগে পড়েন, তবে সে বিষয়ে তার কোনো সহানুভূতি থাকবে না। তিনি বলেন, আপনারা আমাকে প্রতিটি কেন্দ্রে জয়যুক্ত করেছেন-এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড আমি মেনে নেব না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মেহের ডিগ্রি কলেজ মাঠ-এ শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মমিনুল হক আরও জানান, আগামী এক বছরের মধ্যে শাহরাস্তিতে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, এটি বাস্তবায়নে আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে এ লক্ষ্য অর্জন সম্ভব। আপনারা দোয়া করবেন, যেন সংসদে গিয়ে আপনাদের পক্ষে জোরালোভাবে কথা বলতে পারি।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। যারা জনপ্রতিনিধি হতে চান, তারা জনগণের কল্যাণে কাজ করুন, জনগণের কাছে যান-জনগণই আপনাদের নির্বাচিত করবে।
উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, বিএনপির নেতা আক্তার হোসেন পাটোয়ারী, ইকবাল হোসেন, শেখ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমুখ।
ফম/এমএমএ/


