
চাঁদপুর: চাঁদপুরে অরাজনৈতিক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আঃ ছাত্তার খান ফাউন্ডেশন এর উদ্যোগে অন্ধ হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মানবিক এ আয়োজনটি শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের চেয়ারম্যান ঘাট ডিসি অফিসের বিপরীত পাশের মুক্তি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালযে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ জন অন্ধ হাফেজের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. মো. আলম খান মঞ্জু। তিনি তার বক্তব্যে বলেন, আঃ ছাত্তার খান ফাউন্ডেশন সবসময় মানবসেবায় নিয়োজিত। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ভাইদের জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ সামান্য হলেও শীতের কষ্ট লাঘব করবে বলে আশা করি। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজরা সমাজের সম্পদ। তাদের পাশে দাঁড়ানো এবং সম্মান জানানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। সমাজের সামর্থ্যবান মানুষদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কোরআন হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অন্ধ হাফেজ মো. ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নূরে আলম, আঃ ছাত্তার খান ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি মো. আবু সুফিয়ান, সদস্য ফজলে রাব্বি, অহিদা আক্তার মুন্নি, আবুল কালামসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ফম/এমএমএ/


