
চাঁদপুর : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)-এর পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) পদে নিয়োগ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ মার্চ) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি যৌথ বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া জানান, চাঁবিপ্রবিতে ২০২১ সালে প্রথম কর্মকর্তা হিসেবে মো. মেহেদী হাসান অ্যাডহক ভিত্তিতে যোগদান করেন। পরবর্তীতে ২০২৩ সালে পিএস টু ভিসি পদে স্থায়ী নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের জন্য আবেদন করেন মেহেদী হাসান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিলম্ব করতে থাকে। এ অবস্থায় মো. মেহেদী হাসান ২০২৪ সালে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। আদালত রিটটি আমলে নিয়ে রুল জারি করেন।
এদিকে, রুল নিষ্পত্তি হওয়ার আগেই গত ২৩ ফেব্রুয়ারি পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) পদে পুনরায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবং নিয়োগ কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত উক্ত পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবে না বলেও আদেশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, কারও প্রতি আমাদের কোনো পক্ষপাতমূলক অবস্থান নেই। কাউকে বঞ্চিত করার জন্য আমরা কোনো পদক্ষেপ নেব না, আবার কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যও এগিয়ে যাব না। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যেভাবে নির্দেশ দেবেন, আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
ফম/এমএমএ/



