চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া নির্বাচনে পরাজিত হন।
নির্বাচনের পূর্বে উভয় প্রার্থীই সাধারণ জনগণের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই প্রার্থী বিজয়ী হবেন, ফলাফল মেনে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও একটি সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করবেন। সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন হিসেবে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় জোটের নেতারা নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও মতবিনিময় করেন।
এ সময় নেতারা রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর নবনির্বাচিত সংসদ সদস্য আগত নেতাকর্মীদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে সংগ্রাম করেছেন।
দেশ ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে গিয়ে এ দুই দলের অসংখ্য নেতাকর্মী মামলা-হামলা ও কারাবরণের শিকার হয়েছেন। অনেকেই ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হয়। অতীতে আন্দোলনের মাঠে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক তেমনিভাবে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য চাঁদপুর গড়ে তুলতে আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে।
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করা সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তি আর এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী,শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, এনসিপির জেলা মুখ্য সমন্বয়ক মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


