চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

চাঁদপুর: চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনী এলাকায় বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার অনুসারীও তৃণমূল বিএনপি উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল ৪টায় উপজেলার ঠাকুরচর চৌরাস্তা থেকে গণমিছিলটি শুরু হয়ে ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।

মিছিলে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীও সাধারণ জনগণ ব্যানার প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। মনোনয়ন পরিবর্তনের জন্য বিক্ষোভকারী সাধারণ জনগণও নেতাকর্মীরা রিভিউ কার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান প্রমূখ।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বক্তব্যে বলেন, চাঁদপুর-২ আসনের প্রাথমিক মনোনয়ন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এ আসনের যোগ্য প্রার্থী তানভীর হুদাকে মনোনয়ন না দেওয়া হলে দল মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। মাঠের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা বলেন, তানভীর হুদা দীর্ঘদিন ধরে মতলবের রাজনীতিতে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন, মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন। তার ত্যাগ সমর্থন উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কখনোই তা মেনে নেবে না।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, চাঁদপুর-২ আসনের বাস্তব রাজনীতি, তৃণমূলের চাওয়া এবং দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের মূল্যায়ন করতে হবে। তানভীর হুদাই এই আসনের জনপ্রিয়ও গ্রহণযোগ্য নেতা। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতাকে উপেক্ষা করা মানে তৃণমূলের মনোভাবকে অগ্রাহ্য করা। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি জানাই এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক এবং তানভীর হুদাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হোক। এতে শুধু বিএনপি সংগঠিত হবে না, ধানের শীষের বিজয়ও নিশ্চিত হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম