চাঁদপুর সরকারি মহিলা কলেজে স্নাতক প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সোমবার (২১ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়।

কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি কমিটির আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফয়জুর রহমান এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান।

এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইকবালুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মোতাসিম বিল্লাহ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা ফেরদৌস, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ অত্র অঞ্চলের নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। তোমরা সৌভাগ্যবান এমন একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছ। তোমরা তোমাদের মেধা-মনন-সততা-নিষ্ঠা ও নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বেশি উঁচু করবে। তোমরা কলেজের শৃঙ্খলা মেনে নিয়মিত শ্রেণি কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে। আশা করি তোমরা লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রম দ্বারা কলেজকে আরো অনেক দুর এগিয়ে নিয়ে যাবে।

ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদেরকে ক্লাস রুটিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট এর সদস্যসহ সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম