চাঁদপুর সদরে দাঁড়িপাল্লা প্রতিকের গণসংযোগ

চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়া নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা, বাজার ও পাড়া-মহল্লায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

এ সময় দাঁড়িপাল্লা লিফলেট বিতরণ এবং হ্যাঁ ভোট সম্পর্কে ভোটারদের সাথে কথা বলেন এই প্রার্থী।

তিনি বিভিন্ন জনসমাগম স্থানে বক্তব্য দিতে গিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আপনারা অবশ্যই হ্যাঁ ভোটের পাশাপশি ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এই প্রতিকে ভোট দিলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে।

গণসংযোগে খেলাফত মজলিসের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম সদস্য সচিব তামিম খান, জাতীয় ছাত্র শক্তির চাঁদপুর জেলা আহ্বায়ক সাগর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ খানসহ ১০ দলীয় জোটভুক্ত নেতারা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম