
চাঁদপুর: পবিত্র মাহে রমজানের সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে রোজাদার ও মুসল্লিদের সম্মানে এক বৃহৎ গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সিএনজি চালক, রিকশা ও ভ্যান চালক, শ্রমজীবী মানুষ, দিনমজুর ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণ ইফতারে প্রায় তিন হাজারেরও বেশি রোজাদার একসাথে ইফতারে অংশ নেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। তিনি বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দেশ ও জাতির কল্যাণে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাই মিলে কাজ করব।
সরকারের যেসব কল্যাণমূলক কার্যক্রম ও অনুদান রয়েছে, সেগুলো যেন প্রকৃত প্রাপকদের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন হয়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশের প্রতিটি নাগরিক যেন তার ন্যায্য অধিকার ভোগ করতে পারে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অন্যের ওপর অযথা প্রভাব বা খবরদারি করতে না পারে, সেই অপসংস্কৃতি দূর করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, খেলাফত মজলিসের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা সুলতান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, জামায়াত নেতা আব্দুস শুক্কুর মোস্তা, অ্যাডভোকেট সালেহ আহমদসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মী।
রমজানের এই মহতী আয়োজন চাঁদপুরে ধর্মীয় সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত অনেকেই আশাবাদ ব্যক্ত করেন।
ফম/এমএমএ/



