চাঁদপুর: চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত পার্কিং টাইলস ফ্যাক্টরিতে সংঘবদ্ধ চক্রের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় পার্কিং টাইলস ফ্যাক্টরির স্বত্বাধিকারি ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন ভুঁইয়া (মানিক) চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিবরণে তিনি উল্লেখ করেন, বিগত কয়েক বছর যাবত শহরের বঙ্গবন্ধু সড়কস্থ ভুঁইয়া বাড়ী এলাকায় পার্কিং টাইলস ফ্যাক্টরি নামে প্রতিষ্ঠান করে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু তাঁর ফ্যাক্টরির পাশবর্তী বাসিন্দা স্থানীয় সংঘবদ্ধ চক্র বিগত কয়েক বছর যাবত ফ্যাক্টরি বন্ধ করার পায়তারা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ে নানা অজুহাতে ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করে। এরপর আজ সকাল ১০ টার দিকে বিল্লাল হোসেন (২৮) পিতা-খোরশেদ ভুইয়া, সুজন ভুইয়া (৩০) পিতা- ইয়াছিন ভুইয়া, কবির ভুইয়া (৩০) পিতা- করিম ভুইয়া, শাহজাহান ভুইয়া (৩০) পিতা আঃ ছামাদ ভুইয়া, মোখলেছ ভুইয়া (৪২) পিতা-খোরশেদ ভুইয়া, ইয়াছিন ভুইয়া (৫৫) পিতা-আবুল হোসেন ভুইয়াসহ আরো ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে ফ্যাক্টরির সামনের অংশসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর করে ক্ষতিসাধন করে। ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে তিনি বিবরণে উল্লেখ করেন।
মাইনুদ্দিন ভুঁইয়া তার এই পরিবেশ বান্ধব উৎপাদনমুখী প্রতিষ্ঠানটি চালু রাখার জন্য এবং কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান অব্যাহত রাখতে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
ফম/এমএমএ/



