চাঁদপুর : চাঁদপুর শহরের আলিমপাড়া এলাকায় জলাধার ভরাটের অভিযোগে একজনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে প্রতাপ সাহা মন্দিরের বিপরীত পাশে বালু দিয়ে পুকুর ভরাট করায় বুধবার দুপুরে সেখানে অভিযান চালান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত আব্দুর রহমান (৩৫) কে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এছাড়া পুকুরের চারপাশে নির্মিত বেড়া তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয় এবং ভরাটকৃত অংশ পুনঃখননের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানার একটি পুলিশ টিম অভিযানে অংশ নেয়।
চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খাঁন এই প্রতিবেদককে জানান, ‘আমরা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি এবং অভিযোগের সত্যতা পাই। সে আলোকে অভিযুক্ত ব্যক্তিকে আমরা তৎক্ষণাৎ বিধি মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে জানান। ভরাটকৃত অংশ আগামী সাত দিনের মধ্যে পূর্বাবস্থায় ফিরে আনার জন্য পুনঃখননের নির্দেশ দেওয়া হয়।’
চাঁদপুর পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


