চাঁদপুর : চাঁদপুরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো উফশী বীজ, সার এবং বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম.এন. জামিউল হিকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সরকারের কৃষি সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এবার আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের ধান ও সবজির বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফলন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বীজ পেয়ে কৃষকরাও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, উৎপাদন মৌসুমের শুরুতে বিনামূল্যের এই সহায়তা তাদের চাষাবাদে বড় ভূমিকা রাখবে।
ফম/এমএমএ/

