চাঁদপুর: মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান আনুমানিক ৫ হাজার মিটার লম্বা ৫টি মশারি জাল জব্দ করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, ৫ জানুয়ারি বিকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড মেঘনা নদীর পশ্চিমে সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় এসব জাল জব্দ করার জন্য অভিযান চালায়। এ সময় ৫ হাজার মিটার লম্বা ৫টি মশারি জাল জব্দ করে। পরবর্তীতে রাতেই এসব জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চারটি ধাপে এই অপারেশন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
ফম/এমএমএ/


