চাঁদপুরে ৪ জন পেয়েছেন অদম্য নারী পুরস্কার

চাঁদপুর :  চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন, অদম্য নারী পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলায় চার ক্যাটাগরিতে ৪জন নারী পেয়েছেন অদম্য পুরস্কার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, নারীরা হচ্ছে চাঁদের মতো। তারা নীরব থাকে, কিন্তু আলো ছড়ায়—জ্যোতি ছড়িয়ে সমাজকে আলোকিত করে। নারী থেকেই আমাদের শুরু-আমার সন্তান নারী, আমার সহধর্মিনী নারী, এমনকি যে গর্ভে আমি জন্মেছি তিনি একজন নারী।

তিনি আরো বলেন, চাঁদপুরের নারীরা এখন ঘরে সীমাবদ্ধ নেই। তারা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা উদ্যোগ ও প্রযুক্তি—সবক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করছে। যে নারীরা সমাজের নানা বাধা, লজ্জা, উপহাস ও সংগ্রাম পেরিয়ে দাঁড়িয়েছে তারা সত্যিই অদম্য।

জেলা প্রশাসক উল্লেখ করেন, ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। অনলাইন বা বাস্তব-সবখানে নারীর সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এস. এম. তানভীর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা।


অদম্য নারী পুরস্কার প্রাপ্তরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তানজিনা হক, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোমানা পাপড়ি, সফল জননী রাবেয়া আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী বিলকিস আক্তার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম