চাঁদপুর: ‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাষ্টার’ এ স্লোগান নিয়ে চাঁদপুরে জেলা স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দাবা খেলা একটি বুদ্ধির খেলা। এ খেলার মাধ্যমে মানসিক বিকাশের সুযোগ হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই গ্র্যান্ডমাষ্টার হতে পারবে তা নয় তবে কারো দৃড় প্রত্যয় থাকলে সাফল্য আসতেই পারে। আমাদের পড়াশুনার জন্য মানসিক সুস্থতার বজায় রাখতে মস্তিষ্কের রিচার্জ দরকার। দাবা খেলা আমদের মস্তিষ্ক রিফ্রেশ করে। বর্তমানে প্রতিযোগিতাময় বিশ্বে দক্ষ এবং মেধাবী না হলে সফল হওয়া সম্ভব নয়।
জেলা প্রশাসক বলেন, অনেক ধরণের দেশীয় খেলা এখন হারিয়ে গেছে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাটা কোন অপরাধ নয় যতক্ষণ না পর্যন্ত তা জুয়ায় পরিনত হয়।
সভাপতির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম বার। তিনি বলেন, দাবা খেলা একটি বুদ্ধিভিত্তিক খেলা। চাঁদপুরের মানুষ বুদ্ধিমান এবং চালাক। সবদিক দিয়ে তারা এগিয়ে আছে। যদি চেষ্টা করা হয় তাহলে চাঁদপুর থেকে একজন হলেও গ্র্যান্ডমাষ্টার পাওয়া যাবে। যে যতবেশি চিন্তা করবে খেলাটা তার তত ভালো হবে। এ দাবা খেলার মাধ্যমে শিক্ষার্থীদের আরো উন্নতি হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
স্বাগত বক্তব্য রাখেন দাবা উপ-কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।
প্রতিযোগিতায় জেলার ৮টি বিদ্যালয় থেকে ৪৮জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
ফম/এমএমএ/


