
চাঁদপুর: আর্তমানবতার সেবায় নিয়োজিত সরাসরি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার ও ঈদ সামগ্রী অসহায় ব্যক্তিদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম হানিফ। বিতরণকৃত প্রতি প্যাকেজে ছিল- ছোলা, মুড়ি, খেসারি ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, খেজুর, সেমাই, চিনি, বাদাম, কিসমিস। এদিকে এর আগেরদিন বৃহস্পতিবার মহামায়া এলাকার কয়েকজন অসহায় রোজাদারকে নিয়ে মহামায়া স্কুল মাঠে ইফতার করল প্রভাতের সদস্যরা। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানান সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, আর্তমানবতার সেবা এবং সমাজের সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের সাধ্যমতো অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও আমাদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আরও বলেন, সমাজের অনেক মানুষ আমাদের এই মহৎ কাজে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আশা করছি সামনের দিনগুলোতেও তারা আমাদের পাশে থাকবে।
আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, সাংগঠনিক সম্পাদক সাজদিদুর রহমান পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য খলিলুর রহমান, তাওহিদুল ইসলাম, সিয়াম হোসেন, মেহেরাজ হোসেন, মামুন হোসেন, জিহাদ হোসেন সহ বিভিন্ন সামাজিক নেতারা।
ফম/এমএমএ/



