চাঁদপুরে লেংটার মেলা-ঈদকে ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক

চাঁদপুর: লেংটার মেলা ও ঈদুল ফিতর উদযাপনকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর-চরকালীপুর ট্রলারঘাটসহ অন্যান্য ঘাটে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। আসন্ন ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (রহ.) ওরফে লেংটার মেলাকে কেন্দ্র করে এই এলাকায় মানুষের জনসমাগম ও যাতায়াত ব্যাপকভাবে বেড়েছে। দুটি উৎসব ঘিরে মানুষের সমাগম বাড়ার সঙ্গে ডাকাতির ভয় বাড়ায় নৌপথে টহল বৃদ্ধির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীরা জানান, কালীপুর-চরকালীপুর ট্রলারে পারাপার হতে সময় লাগে ১৫-২০ মিনিট। ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে এই সময়ে ট্রলারে প্রতিদিন ৮-১০ হাজার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে। আর এতটুকু দূরত্বের মধ্যে প্রায় প্রতিবছরই ডাকাতির ঘটনা ঘটে। এবারও ডাকাতির আশঙ্কা করছে স্থানীয় লোকজন ও যাত্রীরা।

খোঁজ নিয়ে জানাগেছে, সময় কম লাগার কারণে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বহু মানুষ ঢাকা যাতায়াতের জন্য ট্রলারযোগে ধনাগোদা নদী পার হয়ে কালীপুর-চরকালীপুর দিয়ে যাতায়াত করে। প্রতিদিন এই রুটে শতাধিক যাত্রীবাহী ট্রলারে কয়েক হাজার যাত্রী পারাপার হয়। সাধারণত বছরের অন্যান্য সময় বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবার দিনরাতে ৩-৪ হাজার যাত্রী এই পথে পারাপার হয়। ঈদে যাত্রীর সংখ্যা দাঁড়ায় দৈনিক ৭-৮ হাজারের মতো। কিন্তু এবার ঈদ ও স্থানীয় আলোচিত লেংটার মেলা একসঙ্গে হওয়ায় দৈনিক ১০-১২ হাজার যাত্রী পারাপার হতে পারে বলে ধারণা স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও নৌঘাট সংশ্লিষ্ট ব্যক্তিদের।

আর এই সময়টাতে ছোট নদীতে ডাকাতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এই সময়ে ধনাগোদা নদীতে অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আলী হোসেন নামের এক যাত্রী জানান, আমি মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে নিয়মিত আসা-যাওয়া করি। বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। আমাদের ট্রলার যখন মাঝনদীতে, তখন ট্রলারটিকে লক্ষ্য করে দুই দিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল দুর্বৃত্তরা। আমিসহ ১১ জন যাত্রী ছিলাম ওই ট্রলারে। সবাই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।

মতলব উত্তরের গণমাধ্যম কর্মী মাহবুব আলম লাভলু জানান, এই পথে কয়েক বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমার কাছে যা ছিল ডাকাতেরা সব লুটে নেয়। ওই সময় ওদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও চরম খারাপ আচরণের কারণে আমি খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

নাম প্রকাশ না করার শর্তে ট্রলারের কয়েকজন চালক জানান, ডাকাতেরা যখন আক্রমণ করে, তারা দুই দিক থেকেই আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। কেউ মালামাল দিতে না চাইলে মারধর করে।

মতলব বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ধনাগোদা নদীতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঈদ ও লেংটার মেলাকে সামনে রেখে নদীপথে টহল জোরদার করা হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঈদ ও স্থানীয় বৃহৎ লেংটার মেলাকে কেন্দ্র করে মানুষের যাতায়াত অনেক বাড়বে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম