চাঁদপুর: ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুর শহরের মোহনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া, ল্যাব টেকনোলজিস্ট না থাকা এবং অন্যান্য অপরাধ পাওয়ায় মোহনা ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ১৯০ পিচ সরকারি সিরিঞ্জ জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক অভিযানে সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/


