চাঁদপুরে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁদপুর: সারাদেশের ন্যয় চাঁদপুরেও বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ সরকারি কর্মকর্তারা।

এরপর পর্যায়ক্রমে সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেব সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এদিকে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে চাঁদপুর জেলা পুলিশ ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- পালন করেছে। অমর একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুলিশ সুপার মো. রবিউল হাসান জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম