চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকার মতিন মৃধার বাড়ি থেকে আরএফএল কোম্পানির এসআর (বিক্রয় কর্মী) অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (৪ মার্চ) সকালে উদ্ধার হওয়া মরদেহ পুলিশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, পৌর এলাকার বাইশপুর মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাস যাবৎ ভাড়া থাকতেন অলক কুমার মোহন্ত। মঙ্গলবার সারা দিন তিনি ঘর থেকে বের না হলে, সন্দেহ হয় বাড়ির মালিকের। অনেক ডাকাডাকির পর ভেতর থেকে সাড়া না পেয়ে বাড়ির মালিক জানালা দিয়ে দেখতে পায় বিছানায় ঘুমিয়ে আছেন অলক।
পরে তিনি মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে। অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁও জেলার নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে।
বাড়ির মালিক মতিন মৃধা বলেন, মঙ্গলবার সারা দিন তার রুমের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই তিনি বিছানায় ঘুমিয়ে আছেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অলকের একাধিক সহকর্মী জানান, ২ মার্চ কাজে এসেছিলেন অলক। ৩ মার্চ তিনি কাজে আসেনি এবং অলকের মোবাইলে কল দিলে ফোন রিসিভ করেননি।
মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ফম/এমএমএ/



