
চাঁদপুর : চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি প্রাপ্ত ২৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে লিয়াকত আলী স্মৃতি সংসদ চাঁদপুর জোন।
এতে প্রধান অতিথির বক্তব্যে দেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মাছুম বিল্লাহ ।
তিনি বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তাই তোমাদেরকে সঠিকভাবে গড়ে উঠতে হবে একজন যোগ্য প্রতিযোগী হিসেবে। সমাজে টিকে থাকতে হলে প্রতিযোগিতার মানসিকতা থাকা জরুরি। তোমরা যারা এখানে উপস্থিত সবাই মেধাবী শিক্ষার্থী-নিজেদের ভালো-মন্দের দিকটি বোঝা, নিয়ন্ত্রণ করা এবং সঠিক পথে চলা তোমাদের দায়িত্ব।
তিনি আরো বলেন, কিশোর গ্যাং ও মাদকাসক্তি আজ আমাদের সমাজের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই অপসংস্কৃতি থেকে দূরে থাকতে হবে। তোমরা নিজেদের শক্তি ও মেধাকে ইতিবাচক কাজে ব্যবহার করবে। মোবাইল ফোন যেন পড়াশোনা নষ্টের কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবার থেকেও এ বিষয়ে সজাগ থাকতে হবে।
তিনি প্রাথমিক শিক্ষা ও পারিবারিক শিক্ষার গুরুত্ব নিয়েও আলোকপাত করেন।
এই শিক্ষক বলেন, অনেক সময় দেখা যায় মেধাবী শিক্ষার্থী সঠিক দিকনির্দেশনার অভাবে হারিয়ে যায়। পারিবারিক শিক্ষা ও নৈতিক শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ করে তোলে। নৈতিক শিক্ষার অভাবে বর্তমানে অনেক কিশোর বয়সে বাজে কাজে জড়িয়ে পড়ছে। তাই পরিবারকেই সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে। অভিভাবকের সঠিক দিকনির্দেশনা ও টেক কেয়ার না থাকলে শিক্ষার্থীরা সহজেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অভিভাবকদের দায়িত্ব হবে সন্তানকে সঠিক পথে চালিত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত আলী স্মৃতি সংসদের পরিচালক মোহাম্মদ মাছুম বিল্লাহ।
সংসদের সমন্বয়ক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, মো. আনিসুর রহমান মজুমদার,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা সভাপতি গিয়াস উদ্দিন কবির, হাজীগঞ্জ মডেল কলেজ প্রভাষক আবু সালে মোহাম্মদ বদরুদ্দোজা, সংগঠনের সচিব মো. মামুন শেখ।
সবশেষে চাঁদপুর জেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন মেধাবী ট্যালেন্টফুল এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
ফম/এস.পলাশ/মাসুদ/


