চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় অসহায় ও চিকিৎসা বঞ্চিত প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শহরের তিনজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া চিকিৎসা সেবা কার্যক্রম চলে দুপুর ১টা পর্যন্ত। এর আগে এই চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত সং সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাভোকেট মো. শাহজাহান মিয়া।
তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে শুধুমাত্র চিকিৎসা সেবা নয়, দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে। কল্যাণ রাষ্ট্র গঠন হলে সব শ্রেণি পেশার লোকজন সুযোগ সুবিধা পাবে এবং কোন ধরণের বৈষম্য থাকবে না।
ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন ফোরামের সহযোগিতায় এই চিকিৎসা সেবার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখা।
এসময় জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের খানসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


