
চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন-মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।
স্বজনরা জানান, বাড়ির প্রায় ৫০০ গজ উত্তরে তাদের নতুন ভিটা বাড়িতে সেচের জন্য সেলো মেশিনে পানি তোলার প্রস্তুতি চলছিল। এ জন্য রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির তার থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করেন এনামুল হক রাসেল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আমেনা বেগম রিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যেই দু’জনের শরীর বিদ্যুতায়িত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে দুটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফম/এমএমএ/


